জমেছে জেরুজালেম এক গাছের ডালে
তার কেন্দ্রস্থানে মায়াবী ঈসা।
তুমি দম নাও তোমার ক্যামেরা থেকে
পাথর ছোড়াদের খুনিমুখ।
তোমার কি আজ জন্মগ্রহণ?
তোমার কি তারাদের বনে
কাঠুরিয়াদের গান?
তাই করো একটা চোখ
লুকিয়ে রাখো আর ঝিল্লি দিয়ে
ঢুকে পড়ুক জুডাসের হাত!
****
কিছু মাছ আটকে আছে
কিছু মাছ তীরে এসে জেনিফারের চোখ;
তার লম্বা বাবুই
তার গলার গোল রাগবি ধরে
ইশক ব্যালেরিনা!
দেখে দেখে দস্যুদের লাল একটা গাড়ি
ঠিকানা যদি নাই থাকে- আছে বৃষ্টিপথ
আর জল করে আসা নিদ্রাপ্রপাতের অরগ্যান।
কে ডাকলো আজ গল্পেলেখা সিন্দাবাদের!
তার জেকেটভরা মাছ ও সাপ!
****
ছুটিতে সব নদীপথ সব লালের ডালিম
একটি গাছের পাতা সব রাতের সহিস!
ভাবতে ভাবতে কাছে আসে মা
সব ছুটির পথ বসেথাকা মা!
ফুটেছে জলট্রেন দোনলা রেল
আর জেলিফিশ দৌড়ায় তার বাগানের
শেষ! এ কেমন নৌকা রেখেছি ঝর্নায়
তার মাস্তান তার ভোরের ঝিঝি
মাছ দাও গো আর জ্বালাও হারাকিরি
আজ গোলাপ-দুপুরে
সব গোলাপের ছুটি।
****
ছুটির দিনের বাঘ। গাছে গাছে
রাত্রিজাগাদের প্যারাবল।
৩১/০৫/২০১৫
