
কবিতার দিন শেষ হইছে। আবার কবিতার দিন শুরু হইছে। আমার কথার মধ্যে হেঁয়ালি আছে কিন্তু সামনে আগাইলে এর অর্থ ধরা কষ্টকর হইব না। আগে আশির দশকে যারা কবিতা লিখতে আসছিলো তারা বলতো বাংলাদেশে তারা কবিতাকে কবিতা থেইকা মুক্তি দিবে, তারা কেবল কবিতাই লিখবে। কেন তারা এমন কথা বলছিল? এর আগের দশকের কবিতা কি তাহলে কবিতা ছিল না? স্বাধীনতার পরের দশক, সত্তরের দশকের কবিতাকে যে দোষে দোষী করা হয় যেমন- ভাবে এবং ভাষায় অতি সমাজ বা রাজনীতি মনস্ক, বাকসংযমহীন, সরল আত্মমগ্ন, মেধা মননহীন, স্লোগানমুখর এবং আঙ্গিকে (ষাট দশকীয়) খোলামেলা, ভঙ্গুর- এইসব অভিযোগের বিরুদ্ধে দাঁড়াইয়া আশির দশকের কবিরা কবিতাই লিখবে বা কবিতাকে অকবিতা থেইকা মুক্তি দিবে। কিন্তু কি হইল? তারা আসলে সত্তর এবং আশির দশকের কলকাতা তথা পশ্চিমবঙ্গের কবিতাই লিখলো! তাদের কবিতা আর পশ্চিমবঙ্গের কবিতার ভাব, রূপ, বিষয় এবং নির্মাণ খুব কাছাকছি চইলা আসলো। এইটা হইলো কেন? এইটা তো হইবার কথা ছিলো না। বাংলাদেশের কবিরা যে পথ হারাইয়া গেলো- তারা তাদের নিজেদের পরিচয় মানে তাদের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মগত পরিচয়কে যেন অস্বীকার করলো। তারা ধর্মে, অধর্মে, শিক্ষা দীক্ষায়, ভাষা এবং বচনে পশ্চিমবঙ্গ সাহিত্য-ডোমেইনের সাথে এক হইয়া গেলো। এই যে তাদের আইডেন্টিটি ক্রাইসিস এইটা একদিনে হয় নাই, সেইটা অনেক আগে থেকেই শুরু হইছে। সেই পলাশীর যুদ্ধে মুসলমানের পরাজয়, ইংরেজদের কাছে ক্ষমতা চলে যাওয়া, তারপর বাঙালি হিন্দুদের উত্থান বিশেষ করে ঔপনিবেশিক শাসনের আওতায় বাঙালি হিন্দুরা যখন নিজেদেরকে চিনতে শিখলো। তাদের ইতিহাস, ঐতিহ্য, মিথ, পুরান ইংরেজ সাহেবদের মাধ্যমে পাইল, তারপর নিজেদেরকে একটা ভারতীয় (হিন্দু) সভ্যতার কাছে সঁইপা দিলো। আর সেইটা উনিশ শতক, বিংশ শতক পার হইয়া এই একবিংশ শতাব্দীতে আইসাও আমাদের বাংলাদেশি কবিরা ধইরা রাখল বা পাইল।
২
তার পলিটিক্স বইতে অ্যারিস্টটল বলছিলেন মানুষ একটা রাজনৈতিক প্রাণী কারণ সে ভাষা ব্যবহারকারী এবং নীতি, নৈতিকতা সচেতন একটি সামাজিক প্রাণী। সুতরাং লেখাও তাই। লেখা মানুষ বিচ্ছিন্ন না, তাই লেখা ইতিহাস ঐতিহ্য, সমাজ, রাজনীতি, নিজস্ব সংস্কৃতি, নিজের সাইকিকে ধইরা আগায়। পরাধীন দেশের লেখকদের লেখায় শৌর্য থাকে না, বীর্য থাকে না, তাদের লেখায় আধ্যাত্মিকতাও থাকে না কারণ তারা আত্মবিচ্ছিন্ন, তারা নিজের শেকড়, নিজের পরিচয়ের সাথে নিজেদেরকে একাত্ম করতে পারে না। রাশিয়ার মা মাটি এবং খ্রীস্টীয় ধর্মের সাথে নাড়ির টান না থাকলে আলেকজান্ডার পুশকিন ‘দ্য ব্রোঞ্জ হর্সম্যান’ বা ‘ইয়েভেজেনি ওনেজিন’, লিও টলস্টয়- ‘ওয়ার এন্ড পিস’, ‘আনা কারেনিনা’ এবং দস্তয়েভস্কি ‘ক্রাইম এন্ড পানিশমেন্ট’ লিখতে পারত না। তাই ঠিক লেখা হইল একটা লড়াই, একটা রাজনীতি, একটা দায়বদ্ধতা- প্রথমে নিজের কাছে, পরে দেশ এবং জাতির কাছে। মনে কইরা দেখেন একদিন বাঙ্গালি মুসলমানেরা নিজেদের অস্তিত্বের জন্য ১৯০৩ সালে ব্রিটিশ রাজের কাছে বঙ্গভঙ্গের দাবী জানাইছিল। বেশিদিন আগের ঘটনা না। একশ বছর পিছাইয়া থাইকা যে শূন্যতার সৃষ্টি হইছিল- সেইটা তাদেরকে অর্থনৈতিক রাজনৈতিক, সামাজিক, শিল্প এবং সাহিত্যিক সাংস্কৃতিকভাবে পিছাইয়া রাখছিলো। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে মুর্শিদাবাদ থেকে সইরা গিয়া যখন কলকাতা ইংরেজদের রাজধানী হইল, তখন শিল্প কারখানা মানে অর্থনীতির চাকা বা সভ্যতার আলো সেই কলকাতায় আইসা লাগলো। আমাদের পূর্ব বাংলা ছিল কাঁচামাল সরবরাহের দেশ। তাই অর্থনৈতিক দিক দিয়া বাংলাদেশ স্বাবলম্বী হইতে পারে নাই। যখন ১৯০৫ সালে বঙ্গভঙ্গের কারণে একটা সুযোগ আসল তখন সাম্প্রদায়িক, উচ্চ বর্ণের বাঙ্গালি হিন্দু ভদ্রলোকেরা এইটা মাইনা নিতে পারে নাই। তাই বঙ্গভঙ্গ বেশিদিন টিকে নাই। কবি রবীন্দ্রনাথ ঠাকুরও বঙ্গভঙ্গ বন্ধের আন্দোলন করছিলেন। কইবেন কবিতার সাথে এইটার সম্পর্ক কী? আছে আপনি বাঙ্গালি মুসলমান, আপনার তো নিজেদের ইতিহাস জানতে হইব। নিজেদের ইতিহাস, ঐতিহ্য ধর্ম, আধ্যাত্মিকতা- না জানা থাকলে ভালো কবিতা লিখতে পারবেন না।
ব্রিটিশবিরোধী আন্দোলনের আধারে জন্ম নেওয়া – হিন্দু জাতীয়তাবাদীর কারণে মুসলমান জাতীয়বাদিতার জন্ম হইল। নানাবিধ আন্দোলনের হাজির থাইকা মুসলমানেরা ১৯৪৭ সালে পাকিস্তান পাইল। উদ্দেশ্য নিজেদের অর্থনৈতিক উন্নতি, শিক্ষা, দীক্ষা, ব্যবসা বাণিজ্য চাকরিগত সুযোগ সুবিধা লাভ। কিন্তু এইখানে তেমন কিছু হইলো না। কারণ বাঙ্গালি মুসলমান এক নির্যাতন থেইকা আর এক নির্যাতনে পড়ল। এই সময় এই পূর্ব বাংলা মানে আমাদের বাংলাদেশে, যাদেরকে আমরা চল্লিশের দশকের কবি বলি যেমন ফররুখ আহমাদ, আলী আহসান, আবুল হোসেন এবং আহসান হাবিবের মত স্বকীয় ভাব এবং ভাষার কবির আগমন। ইসলামিক আদর্শ এবং ঐতিহ্যের কবি ফররুখ আহমাদ ছাড়াও, কবি আহসান হাবীব এবং আবুল হোসেনের কবিতায় পূর্ব বাংলার মাটি, রূপ, গন্ধ, সমাজ মানুষের স্পর্শ পাওয়া গেল। আসলে বাংলাদেশের কবিতার ইতিহাসে চল্লিশের দশক যে নিষ্ঠা এবং প্রতিজ্ঞা নিয়া আসছিল তার কোনো তুলনা নাই। কারণ এই সময়ের এই তিন কবির কবিতা ত্রিশের কবিতা থেইকা আলাদা হইয়া ঠিক বাংলাদেশের কবিতা হইয়া উঠছিল। বিশেষ কইরা আহসান হাবীব এবং আলী আহসানের কবিতা। তাদের কবিতায় না পাওয়া যায় তিরিশি অবক্ষয়ী আধুনিকতার ব্যাধি-গন্ধ না দেখা যায় ভারতীয়তার উদীয়মান প্রতিমা। ফররুখের রোমান্টিকতা, তার কবিতার শৈলির সাথে সাথে আহসান হাবীবের স্বদেশলগ্ন, মগ্ন আর্তি, আলী আহসানের ঋজু এবং প্রগাঢ় উচ্চারণ বাংলাদেশের কবিতাকে দিছিল একটা ভূমিজাত, মানুষের ধর্মীয় ঐতিহ্যগত বলিষ্ঠ জন্মের অঙ্গীকার। কিন্তু এইসব কিছুর ভাটা পড়ল পশ্চিম পাকিস্তানি বর্ণবাদি প্রশাসকদের নিপীড়ন্মূলক রাষ্ট্র পরিচালনার কারণে। কারণ বাংলাদেশের কবিতা ঐতিহাসিকভাবেই সাব্জেক্টিভ না, অব্জেক্তিভ মানে বাইরের জগত দিয়া বেশি তাড়িত। যেমন ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
৩
১৯৫২ সনের ভাষা আন্দোলন একটা হঠাৎ গজানো আন্দোলন ছিল না। এইটার মধ্যদিয়া পূর্ব বাংলার জনগনের কয়েক বছরের ক্ষোভ একটা পলিটিকাল রূপ পাইল। সবচেয়ে বড় কথা হইল এইটা সেই কালমিনেশন পয়েন্ট যার মধ্য দিয়া বাঙ্গালি মুসলমান জুলুমের বিরুদ্ধে শক্ত ভাবে দাড়াইবার প্লাটফর্ম পাইল। কিন্তু যেইটা হইল সেইটা ছিল বাংলা ভাষা কেন্দ্রিক, জাতিবাদি আন্দোলনের প্রথম ছবক। বাঙালি মুসলমান মধ্যবিত্ত তাদের ক্রমশ ধর্ম নিরপেক্ষ মনোভাবের বহিঃপ্রকাশ এই ভাষা আন্দোলন দিয়া দেখাইল। এইটার প্রতিক্রিয়া ব্যাপক হইল।
এক- চল্লিশের দশকের আদর্শবাদি কবিতা থেকে সইরা গিয়া বাংলাদেশের কবিতা ত্রিশের আধুনিক কবিতার সাথে যোগ দিল। দুই- কবিতার ভাষা এবং বিষয় বদলাইয়া গেল। বাংলা ভাষা নিয়া পশ্চিম পাকিস্তানি জুলুমবাদি, বর্ণবাদি প্রশাসন যে ষড়যন্ত্র শুরু করছিল এবং যার ফলে দেশের মুসলমান কবি, সাহিত্যিক বুদ্ধিজীবী সবাই বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসাবে দাবী এবং রক্তের বিনিময়ে বাংলা ভাষা সংরক্ষণ- তার মধ্যে দিয়া কবিতার সাইকি, রূপ ভাষা সবই পরিবর্তন হইল। তো সেই সময় যারা কবিতা লিখতে আসে তাদের মধ্যে শামসুর রহমান, আল মাহমুদ, এরকম অনেকেই বাংলাদেশ, বাঙালির রূপ, বৈচিত্র, এবং সংস্কৃতি নিয়া লিখলো। ধর্ম নিয়া কবিতা লেখা একটা ট্যাবুর মত হইল। ষাটের দশকে আইসা মুসলমানি কবিতা লেখা প্রায়ই থাইমা গেলো। কবিতায় ঘোষণা দিয়া আধুনিকতার নামে ধর্ম নিরপেক্ষতা( পড়েন ইসলাম ধর্ম বাদ দাও) আমদানি হইল। আমাদের বাম রাজনীতিবিদরা ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতা বইলা মাইনা নিল। এই যে এপিস্টেমেটিক পরিবর্তন এইটা থেকে বাংলদেশ আর সহজে সরে আসলো না। হঠাৎ কেন কবিতায় ধর্ম নিরপেক্ষতা হাজির হইল? ভাইবা দেখার বিষয়। খুব সম্ভত পঞ্চাশ দশকের মার্কসবাদি লেখক, কবিদের মনে সমাজতান্ত্রিক রোমান্টিকতার স্বাদ পাওইয়া দিছিল। কার্ল মার্ক্সের সেই বিখ্যাত বচন – ‘ধর্ম আফিম স্বরুপ’ যেইটা আসলে তার কথা না, মার্ক্স এই রকম কিছু বলে নাই। ইউরোপে শিল্প বিপ্লবের সময়ে তার দেখা প্রলতারিয়েত জনগোষ্ঠীর অতিমাত্রায় খ্রীষ্টীয় ধর্মের সাফারিং এবং প্যাশেন্টের নির্যাসকে লালন করার কারণে তাদের মনে এক রকম যে বিপ্লব-শিথিলতা আসছিল সেই পরিপ্রেক্ষিতে মার্ক্স বলছিলেন ধর্ম কতটা ব্যথা নিরোধক। যা হোক মার্ক্সের ভুল ব্যখ্যা এবং বিজ্ঞানের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা মুসলমান কবিদের বিশ্বাসে চির ধরাইল। তাই বাংলাদেশের কবিতায় বিজ্ঞানের নামে নাইমা আসল, অজ্ঞেয়বাদ, প্রশ্ন, সন্দেহ এবং সর্বশেষ নাস্তিকতা! তাই ত দেখি পঞ্চাশের কবি শামসুর রাহমানের হাত ধরে লিখিত হইল আধুনিক কবিতা- কিছু ধর্ম নিরেপেক্ষ কবিতা এবং ধর্মবিরোধী কবিতা। তখনো আল মাহমুদ সমাজতন্ত্রের ছায়াতলে আছেন। লিখলেন সোনালী কাবিন, এবং আরো সমাজতান্ত্রিক ধারার কবিতা। আল মাহমুদকে কারাগারে যাইতে হইছে তার বিশ্বাসগত পরিবর্তনের জন্য। তাও অনেকদিন পর। পবিত্র কোরান পইড়া তার মানস জগতের পরিবর্তন আসল(বলা যায় তার আনকনশাস জাইগা উঠলো) এবং আমরা পাইলাম ‘বখতিয়ারের ঘোড়া’র মত অসাধারণ কাব্যগ্রন্থ। এখানে আর একটা ঘটনা না বললেই হয়। পশ্চিম থেকে আগত জ্ঞান, বিজ্ঞান, প্রশ্ন আধুনিকতার নাম করে প্রচুর আর্টিকাল, ব্যাখ্যা বয়ান হইল। একই সাথে পাকিস্থানি শাসক গোষ্ঠী বাঙ্গালি মুসলমানের অধিকার আদায়ে বাদ সাধলো। ইসলাম এবং পাকিস্তানিদের ধর্ম এক হইল না। পাকিস্তানি শাসকদের জীবনে কোরানিক এবং নবীজীর ইসলামের মিলা পাওয়া গেল না। ইসলামে যেখানে মুসলমান মসুলমান ভাই ভাই বলা হইছে, পাকিস্তানিরা সেই ব্যাখা বয়ান নষ্ট করে সেখানে ভাষা, বর্ণ এবং সংস্কতি বিদ্বেষের কারণে ন্যায় নীতি থেকে সইরা আসলো।
৪
বাংলাদেশের কবিতার ইতিহাসে মুক্তিযুদ্ধ একটা বিরাট ঘটনা। কিন্তু তার চাইতে বেশি বড় ঘটনা হইল- ধর্মকেন্দ্রিক পাকিস্তান সৃষ্টি হওয়ার পরও কেন ধর্ম ঠিক শিল্প সাহিত্যে তেমন করে জায়গা পাইল না। এইটার নিশ্চয় একটা পলিটিকাল এবং মনসতাত্ত্বিক কারণ আছে। কবি ফরররুখ আহমাদ যিনি ইসলামিক আদর্শবাদি রাষ্ট্রের কথা ভারত বিভাগের আগে চিন্তা করতেন এবং তার পাঞ্জেরি কবিতায় যা তিনি প্রতিষ্ঠা করেছেন, তাও তিনি বুঝলেন যে পশ্চিম পাকিস্তানিরা ইসলাম সম্মত ঠিক ধার্মিক নয়। বরং একটা বর্ণবাদি চোখ দিয়া পূর্ব বাংলার মানুষগুলিকে দেখত। ফলাফল হইল কী হইল? সেই উনিশ শতকে সৃষ্ট হিন্দু-ধর্মজাত বাংলা ভাষাভিত্তিক জাতীয়তাবাদ যেন পুর্ব বাংলার মিডলক্লাস মানুষদের মধ্যে মাথা চাড়া দিয়া উঠলো। এই সমস্ত কিছু হইল বাংলাদেশের মধ্যবিত্তের বাঙ্গালি জাতীয়তাভিত্তিক রাজনৈতিক এবং সাংস্কতিক আন্দোলনের কারনে। কে এই মধ্যবিত্ত? কী তাদের পরিচয়? তারা সেই মধ্যবিত্ত যারা বাংলা ভাষাজাত সংস্কৃতিকে তাদের মূল শক্তি বিবেচনা করে পাকিস্তানিদের চাপাইয়া দেওয়া জুলুমের বিরুদ্ধে লড়ছিল। বঙ্কিম এবং রবীন্দ্রনাথ যাদের সাংস্কৃতিক থিঙ্কট্যাংক। তাদের কাছে যাহাই বাংলা, যাহাই বাঙ্গালি সংস্কৃতি তাহাই তাদের পরিচয়। মানে তারা অর্ধেক হইয়া গেল। মুসলমান বাঙ্গালি থেইকা শুধু বাঙ্গালি হইল অথবা জাতে বাঙ্গালি থাইকা কালচারাল মুসলমান হইল। এইটার মনস্তাত্তিক কারণ হইতে পারে- বাঙালি মুসলমানের ইসলাম এবং ইসলামিক ইতিহাস ঐতিহ্যের প্রতি উন্নাসিকতা, যা হইছিল কিছুটা অজ্ঞানতার কারণে এবং কিছুটা ভৌগলিকভাবে হিজাজ থেইকা দূরে, ভারতীয় হিন্দু সভ্যতার কাছাকাছি থাকার কারণে। হিন্দু সংস্কৃতি ঘেঁষা আমাদের যে বাংলা সাহিত্য, তাতেই বাঙালি মুসলমানের আবাগাহন হইল, তাতেই তাদের সাহিত্যিক পরিচয় গইড়া উঠলো। তাই পঞ্চাশ ষাট এবং সত্তর দশকের কবিতায় ইসলামিক এলিমেন্ট বাদ দেওয়া হইল। বাঙ্গালি জাতীয়তাভিত্তিক সাংস্কৃতিক প্রচার এবং প্রচারণা এত হইল যে কবি সাহিত্যকেরা ইসলামকে প্রতিপক্ষ মনে করলো। তারা সুনীল, শঙ্খ, শক্তি, বিনয় মজুমদার ইত্যাদির মুরিদ হইল। এইসব কবিরা নিজেদেরকে আধুনিক দেখাইল কিন্তু মেধা এবং মননে, ইতিহাস এবং ঐতিহ্যে ভারতীয়, এবং হিন্দু বাঙ্গালি সভ্যতাকে লালন করলো। এই কারণে সেই সময়ের বাঙ্গালি মুসলমান কবিরা তাদের পরিচয় বুইঝা না বুইঝা হারাইল। আর এই ধারাই উত্তরাধিকার সূত্রে পরবর্তী কবিরাও ধইরা রাখলো।
৫
শুরু করছিলাম বাংলাদেশের আশির দশকের কবিতার কথা দিয়া। এই দশকের কবিতা যে যায়গাটায় জোর দিছিল, মানে স্লোগান দিয়া শুরু করছিল সেইটা হইল- কবিতাকে তারা কবিতার কাছে নিয়ে আসবে। বুঝলাম ষাট এবং সত্তরের কবিতা বাংলাদেশের স্বাধীকার আন্দোলন, উত্তাল রাজনীতিমুখর আর্থ সামাজিক সমস্যার কারণে কিছুটা আলগা হইয়া গেছিল, মেধা মননশূন্য, খোলামেলা হইছিল। বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন দেশের চেহারা তেমনভাবে ফুইটা উঠে নাই, তাই কবিরা বাংলাদেশের একটা স্থির ছবি পাইতেছিল না। তার সাথে ছিল সর্বগ্রাসী প্রশাসনিক এবং রাজনিতিক অনিয়ম এবং অস্থিরতা। সেই মুহূর্তে বাংলাদেশের কবিকুলের ভাষা হইল সময়ের ভাষা, প্যারাবল অব ক্রাইসিস। কিন্তু আশির দশকের কবিরা যেইটা করলো সেইটা হইল, তারা ফিরে গেল সেই ভারতীয়তায়, তথা সেই হিন্দু বাঙ্গালির ভাব, ভাষা, টোন এবং মন মেজাজ ধরে রাখা পশ্চিমবঙ্গের কবিতার কাছে। তখন উভয় বাংলায় লিটম্যাগ এবং কলকাতা-ঢাকা যাওয়া আসার কারণে উভয় দেশের কবিদের মধ্যে যেই যোগাযোগ গইড়া উঠছিল তার ফলাফল হইল বাংলাদেশের নগরভিত্তিক কবিদের এক ধরণের ভারতীয় কবিতা লেখা। তার সাথে সাথে যোগ হইছিল ছদ্ম-আধুনিকতার নামে তাদের ইসলাম বিরোধী অবস্থান। কবিদের ছিল এইটা বাঙ্গালি জাতীয়তাবাদ ভিত্তিক, একটা সাম্প্রদায়িক অবস্থান। পশ্চিমবঙ্গের কবি বিশেষ কইরা মৃদুল দাশ গুপ্ত, রঞ্জিত দাস, জয়দেব, জয় গোস্বামী, গৌতম বসু, গৌতম চৌধুরী ইত্যাদি যেমন তাদের শেকড় সন্ধান করছিল তাদের হিন্দু ধর্মে ও মিথে, তাদের দেখাদেখি বাংলাদেশের লিটলম্যাগ কবিরাও তাদের পিছু পিছু ছুটলো। তাদের চিন্তা, ভাব, ইতিহাস, ঐতিহ্যে একিভূত হইল। এতে যে কুফল হইল তা হইল তারা অধিকাংশই ভারতীয় কবিতা লিখলো, নিজেদের খণ্ড পরিচয়ে লিখল। বিশেষ কইরা সেই সময়ের কবি শোয়েব শাদাব, বিষ্ণু বিশ্বাস, জুয়েল মাজহার, সুব্রত অগাস্টিন গোমেজ, শান্তনু চৌধুরী, ফরিদ কবির, সাজ্জাদ শরীফ সহ অন্যান্য কবিদের কবিতার নাড়ি ধরে টিপ দিলেই আমার কথার সত্যতা মিলবে। অবশ্য কিছুটা ব্যতিক্রম ছিল কবি খোন্দকার আশরাফ হোসেন। ফিরে গেছেন নিজ দেশের- বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আশ্রিত ধারাটির কাছে। ভাব আর ফর্মের সংহতির সাথে সাথে আহরণ করছিলেন ধ্যানির স্থির দৃষ্টি, প্রজ্ঞাবান ঋষির ভিশন (তিন রমনীর ক্বাসিদা)। যেইটা বলছিলাম, পশ্চিমবঙ্গের সেই সময়ের কবিদের কবিতা ছিল তাদের হিন্দু-সংস্কৃতি ভিত্তিক, তাদের হিন্দু পুরান ভিত্তিক, ছিল ব্যক্তিগত অসুখ, অসুস্থতা, নিউরো ডিসঅর্ডার ভিত্তিক। যেমন সেই সময়ের পপুলার কবি জয় গোস্বামীর অধিকাংশ কবিতাই ছিল নিউরো ডিসঅর্ডার এবং সেলফ হার্মের কবিতা। বাংলাদেশের কবিরা যেহেতু একটা আত্মপরিচয় বিশ্রুত ছিল, ছিল দ্বিখন্ডিত তাই তাদের কবিতা বাংলাদেশের না হয়ে হইছে ভারতীয় কবিতা।
৬
তারপর আসলো নব্বইয়ের দশক। মিলিট্যান্ট একনায়কতন্ত্র, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বিপর্যয়, পারিবারিক ভাঙন, অসস্পস্ট ভবিষৎ- ঠিক এই ব্যাকগ্রাউন্ডে হাজির হইল নব্বইরে দশক। কিন্তু নব্বইয়ের কবিতা এইসব অনিয়ম, অস্থির রাজনৈতিক হাওয়ায় মন দিল না। আশির দশকের কবিতার মত ঠিক ঠিক ভারতীয় সাইকির হইল না। আবার আশির কবিতা যেমন কেন্দ্রমুখি, নব্বইয়ের কবিতা ভাবনা বিচূর্ণ করে ছড়িয়ে পড়ল বোধের বিবিধ আয়নায়। জন্ম নিল কেন্দ্রহীন, ডিসেন্ট্রালাইজড কবিতা। তখন বাংলাদেশে উত্তর আধুনিকতা আন্দোলন প্রবল বেগে চলছিল। দেশজ সংস্কৃতি, ধর্ম, ইতিহাস ঐতিহ্যের সাথে সাথে প্রান্তিক তথা সাব অল্টার্ন মানুষের জীবন কথা কবিতায় আসতে লাগল। আধুনিক কবিতায় বিশ্বাসকে যেমন দূরে সরাইয়া দেওয়া হইছিল মূর্খতার কারণে, এপিস্টমলিকাল অজ্ঞতার কারণে, উওর আধুনিক কবিতাকালে বিশ্বাসও কবিতায় আসন গেড়ে নিল। সাথে সাথে কবিতার ভাষা, বিষয়, অনুষঙ্গ তার টেকনিক, রূপায়ন, ভেতর বাহির কিছুটা পশ্চিমা পোস্টমর্ডান ঢঙ্গে হইল। তার ফলে একটা নতুন বিপদ দেখা দিল মানুষ কবিতা থেকে আরো দূরে সইরা গেল, কবিতা কেবল কবিদেরই হইল। এবারো কবিরা তাদের খণ্ড অংশটাই প্রকাশ করল মানে সে যে বাঙ্গালি মুসলমান তা গেল ভুইলা গেল বা ইচ্ছা করেই দূরে সরে থাকল। ব্যতিক্রম অবশ্যই ছিল, যেমন আল মাহমুদের আরব্য রজনীর রাজহাঁস, কবি ইশারফ হোসেনের ‘লাল ফকিরের মাজার’, বা তার দ্বারা সম্পাদিত ‘রাসুলের প্রতি নিবেদিত’ কবিতা। সেই সময় কবি ফরহাদ মজহারের ‘এবাদতনামা’ বার হইছিল। নামে মনে হইছিল এইটা একটা ইসলাম ধর্মীয় কাব্যগ্রন্থ কিন্তু আদতে ছিল এক নাস্তিকের জবানবন্দী, তার ইন্টেক্ল্যাচুয়াল ডিস্কোর্স। তাই বাংলাদেশের কবিতা দেহ এবং মনে এক হইতে পারলো না।
৭
শিরোনাম রাখছি কবিতার দিন শেষ হইছে, কবিতার দিন শুরু হইছে। এইটার অর্থ আছে। যারা এখনো সেই আশির দশকীয় স্প্রিটে, ভারতীয় ভাব এবং কল্পনায় স্নাত হইয়া সেই ধারায় কবিতা লিখতেছেন সেইসব খণ্ডিত দেহ এবং মনের কবিতার দিন শেষ হইছে। সময়ের সাথে সাথে এইসব কবিরা এখন কেউ কেউ মৃত বা স্তিমিত। কবিতার দিন শুরু হইছে, মানে কারো কারো কবিতায় বাঙ্গালি মুসলমানের পালসটাকে পাওয়া যাইতেছে, তার শ্বাস, তার অস্তিত্বকে খুঁজে পাওয়া যাইতেছে। বর্তমান আর ভবিষতের বাংলাদশের কবিতা তাই হবে। যারা এরকম কবিতা লিখতেছে তারা বাঙালিত্বকে যেমন ধারণ করতেছে তেমনি ভাবে মুসলমানিত্বকেও ধারণ করতেছে। মানে তারা খণ্ডিত না। তারা দেহ এবং মনে এই দুই পরিচয়কে ধইরা রাখে। তারা জানে কবিতা একটা কমিটমেন্ট, একটা দায়িত্ব। কমিটমেন্ট তার নিজের ভাষা, জাতি এবং ধর্মের কাছে। যে ইতিহাস তাকে হাজার বছর ধইরা বাঙ্গালি বানাইছে, যে ইতিহাস তাকে মুসলমান বানাইছে তাকে বাদ দিয়া সে কবিতা লিখবে কিভাবে? তাই তো তার কবিতায় বাঙ্গালি এলিমেন্ট থেকে শুরু কইরা মুসলমানের ধর্মীয় এবং ঐতিহ্যিক এলিমেন্টগুলি ভালো ভাবেই আছে। অন্যদিকে যারা কবিতার মত কইরা কবিতা লিখতেছে তারা পশ্চিমবঙ্গের কবিদের কবিতা এখন হয়ত তেমন অনুকরণ করে না। কিন্তু অনুকরণ করে ভারতীয়তা। এইটা হীনম্মন্য মনোভাব এবং একচেটিয়া বাঙ্গালি জাতীয়তাভিত্তিক সাংস্কৃতিক পিছুটানের জন্য হয়। ভারতীয় সভ্যতা এবং ভারতীয় টেক্সটের পঠন পঠনজাত যে সার্বিক লিটেরেরি হেজেমনিক গর্তে বাংলাদেশের কবি সাহিত্যকেরা পইড়া গেছে সেইটা থেকে বার হওয়া কষ্টের ব্যাপার। কারণ কতক ভৌগলিক অবস্থান, কতক ভাষা এক হওয়ার কারণে এই ভারতীয়তা- কালচারালি, মেটাফিজিকালি, পলিটিকালি এবং মেনটালি আত্মস্থ করা মনে হয় বাংলাদেশের কবি সাহিত্যিকদের ‘ইডিপাস’ নিয়তি! সাথে সাথে আবার আধুনিকতার নাম কইরা কিছু অজ্ঞ, হার্ডকোর বাঙ্গালি জাতীয়তাবাদী- মাইন্ডের কবি, সাহিত্যিক ইসলাম ধর্মের এলিমেন্ট বাদ দিতে চায়। সেইটাও একটা সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা। বাংলাদেশের কবিতা যতদিন এই দুষ্ট বলয়ে থাকবে ততদিন ভালো কবিতা, নতুন কবিতা লেখা হবে না। যা লিখিত হবে তাতে বাংলাদেশের মানুষের জাতিগত, সাংস্কৃতি এবং রাজনৈতিক পরিচয় ফুটে উঠবে না। তাই কবিতারও প্রাণও প্রতিষ্ঠিত হবেনা।
০৩/০৭/২০২৩