বই থেকেঃ নতুন পাণ্ডুলিপির দিনে

সালাম বাংলা

সালাম বাংলা, তোমাকে নিয়েছি গুপ্ত ডালিমে
স্কুলের টেবিলে, গোসলের অতি গরম পানিতে।
জনকলরব, লোহার পাথর, খানসেনা আর
পলাশী সিরাজ, ইমাম হোসেন কারবালা খঞ্জরে!
যেন বা  আমার কলিজা তোমার
যেন বা তোমাকে দিয়েছি হাজারো পানিপথ!
তোমার শুধুই জয় হোক- ওগো অক্ষয় হিমালয়!

তুমি কি শুধুই সীমানা ছাড়াবে- রক্ত লেগুনে?
কী চাও শিকারি ভাষায় গোলাপ গোকূলে
সবুজে পতাকা পেরিয়ে পাগল কিশোরে?
আমাকে কী দান করবে বলো এ ছিন্ন সকালে?
তামার পাত্র গলিয়ে সাজাবে মনসার বিষ?
নাকি ফেলে যাবে ভারতবর্ষ, নো-ম্যানস ল্যাণ্ডে?
শরীরে আমার জমেছে খণ্ড বরফ এবং পিপাসার আলো
হাঁটছি রায়টে, বোমারু বিমান, গুমন্ত ঘোড়াশালে!
সালাম বাঙলা, আমাকে শুইয়ে ধরো তুমি গোপন পাতালে
আমার জানালা বন্ধ! বন্দী আমি রাক্ষসের দখলে!

 

যে মাছ

বুকে মাছের ডিম্বানু নিয়ে শুয়ে থাকি।
তুমি আসো, তোমার
সাদা পেটের বাজিরেখায়
এই জবা পাপড়ির সারডিন।
আমার সব মুহূর্ত মাছ হোক
নদীর নামে নদীর জল ইহুদি!
সব হরিণের রক্ত ঝরলো এই
ঘুমন্ত রৌদ্রকলে।
শব্দ, শব্দকে চাইলাম আর কি শহিদ আমার
দুপুর! তুমি চোখ বুজে ঠিকানা চাইছো
আর বালিতে গড়িয়ে
পড়ছে শেষ জুপিটারের আলো।
এখন শুধু মাছের শিশু আমি
কবিতা কবিতা করে
তুমি আর কবর খুঁড়ো না।

 

জঙ্গি

জঙ্গ করে এনেছি জবাদের রঙ
গন্ধবিহ্বল কস্তূর উড়ুক তোমার ইশকের ডানায়।
আজ লাল দেখে তাঁবু করবো শত্রুঘেরা সীমানা সমরে।
বলো কী বর্মে ঢাকো চুম্বনের রাহুগ্রাস?
ঠোঁটের সবুজে খুলে দিয়েছি ভূলুণ্ঠিত, বোকা শিরস্ত্রাণ।
আমার জয় হোক- চন্দ্রলিখন ঘুমন্ত গোল বেআব্রু আপেলে!
বলো আজ ধানে ও ধ্যানে মরেছে সিপাহিদের ঘোড়া।
কপিলাবস্তু শেষ, রক্তমাছি থেমে গেছে অশোকের কবরে।
গোলাপ তোমার মুখ তোমার বুক থেকে নেমে যাক
মরুবালি বরফের চূড়া।

 

ঋতু 

লঘুপাখিদের রঙ নিয়ে বসে থাকি।
বন্দী মুক্ত- লালকরবীদের দেশে
অমরতার ভাষা
আহা ঝিলিম ঝিলিম গাছ।
পাতায় পাতায়
হলুদ ডানার বন-হুর
কুহু নাচে আকাশের ব্রিজপার
লাল ছড়ায় শীতের টমেটো বন।

জানি না
তুমি যে শিশির, শামুকের বোন
লুকিয়ে দেখছ মাটির ভেতরে
হেমন্তপরীদের গীটার!
শেকড়দুধ খেয়ে কবে ঢুকে গেছি
গাছের ফিটাসে!
আর আম্মা আম্মা করছি।

 

ভবিষ্যৎ

 ২০২০ সাল বা তার পরের কবিতায়
রক্ত শব্দটি অনেকবার বলা হবে। যেমন পিরানহা মাছ
যেমন ব্রিজপার খুলে সৎ মেয়েদের গোসল।
আরো আরব আসবে আরো জুলফিকারের ভেতর
পীর একটি পাখি।
একটি সঙ্গীত কতো দূর বেজে আবার রক্তপাতের চিঠি!
বন্দী করে থাকবে শাহজাহান তার পুত্র দারাশিকোহ।
তারা জেনে যাবে শাহজাহান অমরত্ব চায় না নূরজাহানে
একটি যোনি ধ্বংসের সকাল গড়িয়ে পড়বে আরো
হিন্দুস্তানে।

_______________________________________________________

নতুন পাণ্ডুলিপির দিনে
প্রচ্ছদঃ ধ্রুব এষ
বৈভব প্রকাশনী
স্টলঃ ৭১৮
বাংলা একাডেমি বইমেলা ২০২০ 

মন্তব্য করুন