দুটি কবিতা

orange

তোমাকে দেখে দেখে

তোমাকে দেখে দেখে
গুলি করার কথা ভুলে যাবো
এই প্রহরীদিবসে
সকালের জেলখানা- নদীপথের ফুল।
বোতাম খুলে আজ সবটাই দেখব
চরাচরে হাঁসের মৌসুম
বোকাদের ব্রিজ, এইসব অতি কমলাফল!

তোমাকে দেখে দেখে আজ কবর দিয়েছি
বীরবাহুদের। রণক্ষেত্র শূন্য
পথে পথে মাদুর খুলছে
আর ঝাণ্ডা উড়ছে স্মৃতি-পালকদের।
আহা আমার শহীদপ্রতিভা
আজ আলোস্তন হয়ে বিছানায় ফুটলো
আর সমস্ত আগুন সাজিয়ে তুললো
নিম্নমুখি মেঘ!

০৫/০৩/২০১৫

পাশবালিশের কিনার থেকে

নিদ্রাদের জয় দাও
কাফ্রি কালো দাগে আজ কোন জিনের বাহন
জ্বলে জলগর্তে বেহালা করার গরিমা।
কতো গুলি পড়ে কতো সেয়ানাদের জং
একটি নিটোল চড়ৃই পাখির লেজ আহা
ভরা কার্তুজের গন্ধ বেয়ে
গুম গুলিস্তারা!

আজো ভয়-ডাকাতের চোখ পড়ে উড়ন্ত হানিমুনে
তোমার চুল তোমার লাল কালিগুলা আহা
আমি আজ আঙুর নাইবা চাইলাম
এই রংবাজদের বাগানে!
কী বেবুন গড়ায় এই রাত্রিজাগা আয়নায়
আর রুস্তমবাজি শেখায়!
যেমন এই রক্তরাগবি এক একটি
দেশ দখলের রেমব্রাণ্ট।

১৭/০২/২০১৫

Leave a Reply