‘কবিতাসংগ্রহ’ এর ফ্ল্যাপ থেকে

আবু সাঈদ ওবায়দুল্লাহ’র কবিতা মাল্টিলেয়ারড, কেন্দ্রহীন, কখনো বিমূর্ত বা পরাবাস্তবতার টেক্সচারে রচিত। তাই তার কবিতা প্রথম পাঠেই উন্মোচিত হয় না সহজে, পাঠকের আরো একটু সময় করে পড়ে নিতে হয়। তখন ধীরে ধীরে তার অবগুন্ঠন ভাঙতে থাকে আর আমরা বিস্ময়ে তার কবিতায় অবগাহন করতে থাকি। সাঈদের কবিতা বদলেছে বহুবার। বাংলাদেশে থাকা অবস্থায় তার কবিতা স্বদেশের শিকড়জুড়ে, বাঙালির ইতিহাস, উত্থান, পতন, গৌরব গাথায় লতাপাতার মতো জড়িয়ে ছিল ’পলাশী ও পানিপথ’   ’গানের বাহিরে কবিতাগুচ্ছ’ ’নোমেন্স জোন পেরিয়ে’   ’জল্লাদ ও মুখোশ বিষয়ক প্ররোচনাগুলি’ কাব্যগ্রন্থে এই নিশানাগুলো লক্ষ্য করা যায়। সময়ের সাথে সাথে বিশেষ করে অস্ট্রেলিয়ায় স্থায়ী অভিবাসনের পর তার কবিতা বদলে গেছে আবারো, ভেতর ও বাইরে। কন্টেন্ট আর ফর্ম এর সাথে সাথে বদলে গেছে ভাষা। জিয়ো পোয়েটিক্স-এ যেমন কবির স্থানীয় জীবন, ভূপ্রকৃতি কবিতায় আত্মস্থ’ হয়, তেমনিভাবে তার কবিতায়ও তার নতুন আবাসস্থল- অস্ট্রেলিয়ার জলবায়ু, প্রকৃতি, তার ইমিগ্রেন্ট হবার আনন্দ ও যাতনা দুই প্রকাশ পেয়েছে। ’শাদা সন্ত মেঘদল’ ও ’ক্রমশ আপেলপাতা বেয়ে’ কাব্যগ্রন্থ দুটিতে এসবের পরিচয় মেলে। আবার তাকে দেখা যায়- এক আবিদের কলমে মা’বুদকে কাছে পাবার নিমগ্ন সুরের, মরমি কবিতাগুচ্ছ লিখতে(সিজদা ও অন্যান্য ইসরা)। এ যেন এক নতুন আবু সাঈদ ওবায়দুল্লাহ। তার এই ধারার কবিতাগুলো ইতোমধ্যেই এক ভাষা-ঐশ্বর্য নিয়ে পাঠকের মনে জায়গা করে নিয়েছে।  আবু সাঈদ ওবায়দুল্লাহ’র কবিতার বেশেষ গুণ- তার কবিতা বোঝার আগেই পাঠকের ভালো লেগে যায়, কারণ তার কবিতার শক্তি- এর যাদুময় ভাষা। তার কাছে ভাষা শুধুমাত্র অতি সরল রৈখিক বা এবসার্ড চিন্তা ভাবনা প্রকাশের বাহন নয়, তার আছে ইতিহাস, সমাজ মানুষ ও রাজনীতির কাছে দায়বদ্ধতা। হয়ত সেখান থেকেই তার কবিতায় যুগপৎ বিস্ময় আর বেদনাবোধের একটি চিকন স্রোত লক্ষ্য করা যায়। তাই তার লেখা ব্যক্তি মানুষের স্বরলিপি হয়েও আবার তা বহু মানুষের ক্যালিওগ্রাফি যেন।

এই কবিতাসংগ্রহ-এ আবু সাঈদ  ওবায়দুল্লাহ’র প্রথম থেকে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ৯টি কাব্যগ্রন্থ’- শীতম্রত্যু ও জলতরঙ্গ (১৯৯৫), বাল্মীকির মৌনকথন (১৯৯৬), পলাশী ও পানিপথ(২০০৯), গানের বাহিরে কবিতাগুচ্ছ(২০১০), শাদা সন্ত মেঘদল(২০১১),  জল্লাদ ও মুখোশ বিষয়ক প্ররোচনাগুলি(২০১২), নো ম্যান্স জোন পেরিয়ে(২০১২), ক্রমশ আপেলপাতা বেয়ে(২০১৫) ও সিজদা ও অন্যান্য ইসরা(২০১৬) এর অধিকাংশ কবিতাই সংগৃহীত হয়েছে। এ ছাড়াও এখানে অন্তর্ভূক্ত হয়েছে আবু সাঈদ  ওবায়দুল্লাহ’র লেখা কিছু গান এবং অগ্রন্থিত কবিতার এক বিশাল ভাণ্ডার। সম্মানিত পাঠককে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা।

 

Leave a Reply