আরবে কুরআনের আবির্ভাব শুধু একটা ধর্মীয় ঘটনা ছিল না। এইটা ছিল ভাষাগত, বৌদ্ধিক আর সাংস্কৃতিক একটা অভূতপূর্ব ঘটনা। কুরআন এমন একটা সমাজের সামনে নাজিল হইছিল, যে সমাজের সবচেয়ে বড় গর্ব ছিল- তাদের ভাষা। তখনকার আরবদের কাছে কবিতা আর সুন্দরভাবে কথা বলাই ছিল জ্ঞান, ইতিহাস, রাজনীতি আর সামাজিক মর্যাদার প্রধান সিঁড়ি। তাই কুরআনের প্রথম চ্যালেঞ্জটা ছিল মূলত ভাষার মাঠে। সেই সময়ের আরব ছিল মূলত মৌখিক সমাজ। বইপত্র, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় বা দার্শনিক প্রতিষ্ঠান খুব একটা ছিল না। একজন কবিই ছিল আসলে ইতিহাসবিদ, সাংবাদিক, রাজনৈতিক মুখপাত্র আর জনপ্রিয় বুদ্ধিজীবী। একটা ট্রাইবের শক্তি শুধু তার সৈন্য সামন্ত সংখ্যা দিয়া বিচার হইত না, তার কবির ভাষার আক্রমনাত্বক শক্তি দিয়াও বিচার হইত। মজার কথা হইল কবিরা যেমন যুদ্ধ জিতাইতে পারত, আবার একটা কবিতা একটা ট্রাইবকে সামাজিকভাবে বরবাদ কইরা দিতে পারত। আরবি কবিতা তখন এমন উচা জায়গায় উইঠা গেছিল যে আরবরা মনে করত, ভাষার দিক থেইকা তাদের আর পরাজয়ের কিছু নাই। উপমা, উৎপ্রেক্ষা, ছন্দ, অলংকার, শব্দসুর- ইত্যাদি মিলায়া তারা নিজেদেরকে দুনিয়ার সেরা ভাষা-বিজ্ঞানি মনে করত!
ঠিক এই সময়ে কুরআন আইসা হাজির হইল। কুরআনে আল্লাহ বললেন- তোমরা যদি মনে করো এই কিতাব মানুষের রচনা, তাইলে এর মতোন একটা সূরা বানায়া নিয়া আসো। কুরআন প্রথমে বলছে- পুরা একটা কিতাব আনো, পরে বলছে- না পারলে দশটা সূরা আনো, শেষে বলছে- তাও না পারলে একটা সূরা আনো।
ভালো কইরা খেয়াল করেন কুরআন কিন্তু আরব বুদ্ধিজীবীদেরকে যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ দেয় নাই, অর্থনীতিতে দেয় নাই কিংবা রাজনীতিতেও দেয় নাই। কুরআন চ্যালেঞ্জ দিছে সেই জায়গায়, যেইখানে আরবরা নিজেদেরকে আনডিফেটিবল মনে করত- ভাষা আর কথা বলার উৎকর্ষতায়। প্রশ্ন- কোরআন কেন ভাষাগতভাবে ব্যতিক্রম ছিল? এইটা কোনো সুপরিচিত সাহিত্য ক্যাটাগরিতে পড়ে না। তখন আরবি সাহিত্য মোটামুটি তিন ভাগে বিভক্ত ছিল- কবিতা, গদ্য, ছন্দময় গদ্য। কুরআন এই তিনটার কোনোটার সাথেই মিলেনা। সত্য এইটার মধ্যে কবিতার মতো সুর আছে, কিন্তু ক্লাসিকাল কবিতার মতো নির্দিষ্ট কোনো ছন্দ নাই। গদ্যের মতো বাক্য আছে, কিন্তু গদ্যের মতো গঠন নাই। মানে দাঁড়াইল- এই কোরআন নিজের জন্য নিজেই একটা নতুন, ইউনিক একটা সাহিত্যধারা সৃষ্টি করছে!
কুরআনের অন্যতম চরিত্র হইল, খুব অল্প শব্দে অনেক গভীর বিষয় ভাবনা প্রকাশ করা। যেমন- কুরআনের সূরা আল-বাকারার ১৭৯ নম্বর আয়াতে আছে–“হে বুদ্ধিমানগণ! কিসাসের(সম পরিমাণ প্রতিশোধ) মধ্যে তোমাদের জন্য জীবন আছে, যাতে তোমরা সাবধান হইতে পারো।” প্রথম শুনলে বাক্যটা আমাদেরকে ধাঁধায় ফেলে দেয়। খুনের বদলে খুনের শাস্তির মধ্যে আবার জীবন কিভাবে থাকে? কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, এই ছোট কথার মধ্যেই আছে আইন, সামাজিক স্থিতি, অপরাধ প্রতিরোধ আর ন্যায়বিচারের পুরা দর্শন। আধুনিক ভাষাবিজ্ঞানের ভাষায় একে বলা যায় অর্থের অসাধারণ ঘনত্ব।
প্রায় সব কবিতাই, বিশেষ কইরা ক্লাসিকাল কবিতা সাধারণত একটা বিষয় নিয়া লেখা হয় বা পড়া হয়। কিন্তু কুরআন একটা সুরাতে অনেক বিষয় ধইরা রাখে। এক জায়গায় ইতিহাস বলতেছে, তো পরের জায়গায় আইন, তারপর ইউনিভার্সের আলোচনা, তারপর ভালো মন্দ, তারপর দুনিয়া বা আখিরাত। আশ্চর্যের বিষয় হইল, এত বিষয় পরিবর্তনের পরও কুরআনের বক্তব্যগুলি আলগা লাগে না, বরং একটা অভ্যন্তরীণ ঐক্য পুরা সুরাটাকে একসূত্রে ধইরা রাখে।
একটু খেয়াল করলে বোঝা যায় যে কুরআনের অনেক জায়গায় শব্দের ধ্বনি অর্থকে শক্তিশালী করছে। রহমতের আয়াতে শব্দগুলো শুনতে নরম লাগে। বিচার, ধ্বংস বা শাস্তির আয়াতে শব্দের গঠন হয় কঠিন, আঘাতের মতো। অর্থাৎ শুধু অর্থ না, শব্দের সুরও বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। শব্দ নির্বাচনের অসাধারণ নির্ভুলতা- কুরআনে অনেক শব্দ আছে যেগুলির অর্থ একই রকম মনে হয়, কিন্তু ব্যবহার সম্পূর্ণ আলাদা। যেমন- ক্বলব ও ফুয়াদ। দুইটাকেই আমরা অনেক সময় হৃদয় বা মন বলি, কিন্তু কুরআনে প্রতিটার ব্যবহার ভিন্ন প্রেক্ষাপটে করা হয়। এই সূক্ষ্ম পার্থক্য ভাষাগত নির্ভুলতার এক বিশিষ্ট উদাহরণ।
কুরআনের ভাষাগত শ্রেষ্ঠত্বের কিছু উদাহরণঃ
১. সূরা আর-রহমানে একটা আয়াত “ফাবি আইয়ি আলা-ই রাব্বিকুমা তুকাযযিবান” বারবার ফিরে আসে, যার অর্থ: “অতএব, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? (সূরা আর-রহমান ৫৫:১৩) এই আয়াতটা একবার না, একত্রিশবার আসছে। সাহিত্যিক নিয়ম অনুযায়ী এতবার একই বাক্য পুনরাবৃত্তি করলে পাঠক বিরক্ত হওয়ার কথা। কিন্তু কুরআনে উল্টা ঘটনা ঘটছে। প্রতিবার এই আয়াত নতুন প্রসঙ্গে আসে, নতুন অর্থ তৈরি করে, নতুন আবেগ তৈরি করে। আধুনিক সাহিত্যতত্ত্বে একে বলা যায় অলঙ্কারিক পুনরাবৃত্তি। কিন্তু কুরআনের ক্ষেত্রে এই পুনরাবৃত্তি শুধু সৌন্দর্যের জন্য না বরং এইটা পাঠকের বিচার, বুদ্ধি ও আকলের কাছে চ্যালেঞ্জ ছুঁইড়া দেয় ।
২. সূরা ‘আদ-দুহা’ র(৯৩:১-২) শুরুটা লক্ষ্য করেন “ওয়াদ দুহা, ওয়াল লাইলি ইযা সাজা” ( অর্থঃ শপথ পূর্বাহ্নের আলোয়, আর শপথ রাত্রির, যখন তা শান্ত হয়ে আসে)। আরবি শব্দগুলি নিজেই একটা শান্তিময় আবহাওয়া তৈরি করে। দুহা, সাজা- এই শব্দগুলির ধ্বনি কোমল, নরম ও শান্ত । এই আয়াতগুলি এমন এক সময় নাজিল হইছিল যখন নবী মোহাম্মাদ (সা.) সাময়িক ওহি বন্ধ থাকার কারণে মানসিক কষ্টের মধ্যে ছিলেন। তাই আয়াতের শব্দ, ধ্বনি আর অর্থ তিনটাই একসাথে সান্ত্বনার পরিবেশ তৈরি করছে।
৩. সুরা আসর(১০৩)” ছোট একটা সুরা,- ১ وَالْعَصْرِ (ওয়াল আসর) অর্থ: সময়ের শপথ। ২. إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ (ইন্নাল ইনসানা লাফি খুসর) অর্থ: নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ৩. إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّ,بْرِ (ইল্লাল্লাজিনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর) অর্থ: তবে তারা ব্যতীত, যারা বিশ্বাস করে, ভালো কাজ করে, পরস্পরকে সত্যের ও ধৈর্যের উপদেশ দেয়। পুরা সূরাটা মাত্র তিনটা আয়াতের। কিন্তু এই তিন আয়াত যেন মানব ইতিহাস, সময়, নৈতিকতা, সামাজিক দায়িত্ব আর মানব মুক্তির সনদ ঘোষণা করছে। এই সূরার বিষয়ে ইমাম শাফেয়ী বলছিলেন- “মানুষ যদি শুধু এই সূরাটার উপর চিন্তা করত, তাহলে এইটা তাদের জন্য যথেষ্ট হইত।” মাত্র চৌদ্দটা শব্দের মধ্যে একটা পূর্ণ মানব মুক্তির দর্শন হাজির করা ভাষাগত দিক থেইকা অভূতপূর্ব ঘটনা।
৪. সূরা কাওসার(১০৮:১) মাত্র তিন আয়াতের।”ইন্না আ’তাইনা কাল কাওসার”( অর্থঃ নিশ্চয় আমি তোমাকে কাওসার দান করছি)। পুরা সূরায় মাত্র দশটা শব্দ। কিন্তু এই দশটা শব্দের মধ্যে আছে রাসূল (সা.)-এর প্রতি সান্ত্বনা, ভবিষ্যৎ বিজয়ের ঘোষণা, ইবাদতের নির্দেশ ও শত্রুদের ব্যর্থতার ভবিষ্যদ্বাণী। এইরকম semantic density (অর্থের ঘনত্ব) পৃথিবীর সাহিত্যে খুব কম দেখা যায়।
৫. সূরা তাকভীরের একটা আয়াত “ওয়াস-সুবহি ইযা তানাফ্ফাস(আর শপথ ভোরের, যখন সে নিঃশ্বাস নিতে শুরু করে (৮১:১৮)।” সাধারণভাবে আমরা মনে করি ভোর তো নিঃশ্বাস নেয় না। কিন্তু কুরআন এখানে ভোরকে জীবন্ত কিছুর মতো উপস্থাপন করছে। রাতের অন্ধকারের পর আস্তে আস্তে আলো ছড়িয়ে পড়ার দৃশ্যটারে একটা জীবন্ত প্রাণীর শ্বাস নেওয়ার সঙ্গে তুলনা করা হইছে। এই ধরনের রূপক আরব কবিতাতেও ছিল, কিন্তু এই মাত্রার ইমেজারি, সংক্ষিপ্ততা আর শক্তি খুবই বিরল।
৬. সূরা ইখলাসের প্রথম আয়াত ‘কুল হুয়াল্লাহু আহাদ(বলুন, তিনি আল্লাহ, এক (১১২:১)। এখানে কিন্তু ‘এক’ শব্দের জন্য “ওয়াহিদ” শব্দ ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হইছে “আহাদ”। আরবিতে দুইটার অর্থই মোটামুটি “এক”। কিন্তু “ওয়াহিদ” সংখ্যাগত এক বুঝায়, আর “আহাদ” বুঝায় এমন একক সত্তা যার কোনো অংশ, সমকক্ষ বা তুলনা নাই। এইখানে একটা শব্দ নির্বাচনের মধ্য দিয়া পুরা তাওহীদের দর্শন প্রকাশ পাইছে।
৭. সুরা ফাতিহার প্রথম বাক্য ‘আল হামদু লিল্লাহি রব্বিল আলামিন’ যার অর্থ ‘সকল প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর জন্য’। এইখানে লক্ষ্য করুন- কুরআন শুরু হইছে ‘আল হামদু লিল্লাহি রব্বিল আলামিন’ দিয়া “আশকুরু” (أشكرُ) অর্থ “আমি কৃতজ্ঞতা প্রকাশ করি” দিয়া না। “শুকর” আর “হামদ” এক জিনিস না। শুকর সাধারণত কোনো বিশেষ অনুগ্রহের জন্য করা হয়। কিন্তু হামদ হইল কারও সত্তাগত পূর্ণতার স্বীকৃতি। অর্থাৎ কুরআনের প্রথম বাক্যেই মানুষের দৃষ্টি নিজের প্রয়োজন থেইকা সরাইয়া মানুষের অস্তিত্বের কেন্দ্রের দিকে ফিরাইয়া নেওয়া হইতেছে।
৮. সূরা ইনশিরাহতে(৯৪ঃ৭) বলা হইতেছে “ফা’ইযা ফারাগতা ফানসাব”। অর্থঃ অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদতে রত হও।’ এখানে পরিশ্রমের পরে বিশ্রামের কথা বলা হয় নাই বরং এক কাজ শেষ হওয়ার পরে আরেকটা অর্থপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করার কথা বলা হইছে। মাত্র দুইটা শব্দ—ফারাগতা আর ফানসাব—এর মধ্যে কাজ, দায়িত্ব আর মানুষের অস্তিত্বগত উদ্দেশ্যের একটা নির্দেশনা আছে।
আরব বুদ্ধিজীবীরা কেন এই চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হয় নাই?
এদের সমস্যাটা শুধু সুন্দর ভাষার ছিল না। আরবদের অনেক কবিতাই সুন্দর ছিল। সমস্যা ছিল কুরআনের ভাষার নতুন স্টাইল, অর্থের অসাধারণ ঘনত্ব, শব্দ আর ধ্বনির অভূতপূর্ব সমন্বয়, দার্শনিক গভীরতায়। সাথে সাথে এর বিষয় পরিবর্তনের মধ্যেও অভ্যন্তরীণ ঐক্য এবং দীর্ঘ তেইশ বছরের ওহির পরও ভাষাগত মানের ধারাবাহিকতা আরব বুদ্ধিজীবীদেরকে বিস্মিত করছে। এই কারণেই মুসলিম পণ্ডিতরা পরে “ই’জাজুল কুরআন” বা কুরআনের অননুকরণীয়তার তত্ত্ব তৈরি করেন। তাদের যুক্তি ছিল, কোরআনের ভাষা ও গভীর অর্থ এতই নিখুঁত যে কোনো মানুষ বা জিনের পক্ষে এর মতো একটি মাত্র সুরাও তৈরি করা অসম্ভব।
প্রশ্ন- কি আরবি ভাষাকে ছাড়াইয়া গেছে? আসলে কুরআন আরবিকে পরাজিত করে নাই কিংবা আরবির উপরে দাঁড়ায় নাই। বরং বলা যায়, কুরআন আরবি ভাষার এমন সম্ভাবনা প্রকাশ করছে যেটা আগে কেউ দেখাইতে পারে নাই। কুরআন আরবির মধ্যে লুকায়া থাকা শক্তিগুলিরে সামনে নিয়া আসছে। কুরআনের ভাষা হইয়া উঠছে ক্লাসিক্যাল আরবির প্রধান রেফারেন্স। শব্দের নতুন অর্থ সৃষ্টি- অনেক পরিচিত শব্দ কুরআনে নতুন দার্শনিক আর নৈতিক অর্থ লাভ করে। যেমন— তাকওয়া, ঈমান, কুফর, নিফাক, আয়াত। এই শব্দগুলা ইসলামপূর্ব আরবিতেও ছিল, সাদামাটা ভাবে। কিন্তু কুরআন এই শব্দগুলিরে সম্পূর্ণ নতুন তাৎপর্য ও গভীরতা দিছে।
দুনিয়ার অনেক প্রাচীন ভাষা সময়ের সঙ্গে বদলাইয়া গেছে কিংবা হারাইয়া গেছে। কিন্তু কুরআনের কারণে চৌদ্দশ বছরেরও বেশি সময় ধরে ক্লাসিক্যাল আরবি প্রায় একই রকমভাবে টিকে আছে। এইটা ভাষার ইতিহাসে খুবই বিরল একটা ঘটনা। মজার বিষয় হইল, ইসলামের প্রথম বিরোধীরাও খুব কম সময় কুরআনের ভাষার দুর্বলতা নিয়াই কথা বলছে। বরং তারা বলছে এইটা জাদু, এইটা কবিতা, এইটা পুরনো কাহিনির পুনরাবৃত্তি, এটা যাদুকরের কথা ইত্যাদি। অর্থাৎ তারা ভাষাগত দুর্বলতা দেখাইতে পারে নাই; তারা অন্য ব্যাখ্যা খুঁজছে।
কুরআন সপ্তম শতকের আরব সমাজকে তাদের সবচেয়ে শক্তিশালী, স্পর্শকাতর জায়গায় চ্যালেঞ্জ করছিল, তাদের ভাষায়। এই চ্যালেঞ্জ কোনো অশিক্ষিত জনগোষ্ঠীর প্রতি ছিল না বরং এমন একটা সমাজের প্রতি ছিল, যাদের কাছে ভাষাই ছিল সভ্যতার সর্বোচ্চ প্রকাশ। কুরআন শুধু আরবি ভাষা ব্যবহার করে নাই, কোরআন আরবি ভাষার ইতিহাসকেই নতুনভাবে নির্মাণ করছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা হোক কিংবা সাহিত্যিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, কুরআন নিঃসন্দেহে বিশ্বভাষার ইতিহাসে এক অনন্য ঘটনা। একটা গ্রন্থ, যেটা শুধু একটা ভাষায় লেখা হয় নাই, বরং সেই ভাষাভাষী সভ্যতার বৌদ্ধিক ভবিষ্যৎকেও বদলাইয়া দিছে।
___________________________
রেফারেন্সঃ
- আল কোরাআন
- আল-বাকিল্লানি, ই‘জাজুল কুরআন
- মুস্তানসির মীর, Coherence in the Qur’an
- সিবাওয়াইহ, আল-কিতাব
- The Cambridge Companion to the Qur’an
- গ্যাব্রিয়েল সাঈদ রেইনল্ডস (সম্পা.), The Qur’an and Its Historical Context
